ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নীলফামারীর উত্তরা ইপিজেডে চারতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানান নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা।
নিহত আনোয়ার হোসেন (২৫) সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বটতলী গ্রামের আজিজুল হকের ছেলে।
আনোয়ারের চাচা রিয়াজুল ইসলাম রিংকু বলেন, ইপিজেডের চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাজেন বিডি লিমিটেডের সম্প্রসারিত চারতলা ভবনের নির্মাণ কাজ করছিল আনোয়ার। কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় তার।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
