টেকনাফে মানবপাচারের মামলায় রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন, যাকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ নুরু মাঝি (৪৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, শুক্রবার ভোরে টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরু দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২টি এবং ডাকাতির ঘটনায় ৩টি মামলা রয়েছে।”
