পেরুর সেই নাগরিক বরিশালে দুই দিনের রিমান্ডে
বরিশালে অচেতন অবস্থায় উদ্ধার পেরুর নাগরিক জেরি ভিক্টরকে (৩২) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বন্দর থানার ওসি মাহবুব আলম জানান, বৃহস্পতিবার পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম দুই দিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেরি ভিক্টরের বিরুদ্ধে মহানগর পুলিশের এসআই শাহ্ সাব খান বন্দর থানায় মামলা করেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেরি ভিক্টরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।
জ্ঞান ফেরার পর জেরি পুলিশকে জানান, তাকে মারধর করে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় তিনি একটি পাসপোর্ট নম্বর দেন পুলিশকে।
নম্বরটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও ওই নম্বরের কোনো পাসপোর্টের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
