২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিককে শ্বাসরোধে হত্যা পর পুড়িয়ে গুমের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যার পর পুড়িয়ে লাশ গুমের চেষ্টা করা হয় বলে ধারণা পুলিশের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বাছেদ (৩৫) উপজেলার কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।তিনি উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাছেদের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “আব্দুল বাছেদ কয়েকদিন আগে সিনবহ এলাকায় শ্বশুড়বাড়িতে বেড়াতে যান। সোমবার ভোরে কাজে যোগ দেওয়ার জন্য শ্বশুড়বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

এ ব্যাপারে মঙ্গলবার তার পরিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরিও করে।

ওসি আরও বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় কালামপুর চৌরাস্তা মোড়ে বনের ভেতর একটি গাছের সঙ্গে বাধা পোড়া লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বাছেদের পরিবার গিয়ে লাশটি তার বলে শনাক্ত করে।”

বাছেদকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।