খুলনায় বাসের ধাক্কায় যুবক নিহত
খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. রফিকুজ্জামান রিগ্যান (৩২) রূপসা উপজেলার বাসিন্দা ও রূপসা থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজের ছেলে।
সোমবার দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিগ্যান সকালে মোটরসাইকেলে করে বয়রা থেকে রূপসা ফিরছিলেন। পথে যশোর থেকে ছেড়ে আসা ‘গড়াই পরিবহ ‘ নামের একটি যাত্রীবাহী বাস রিগ্যানের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।
“তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে তার মাথা থেঁতলে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রিগ্যানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
