পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
পাবনার সুজনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।
সোমবার দুপুরে উপজেলার চিনাখরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সুজানগর থানার ওসি শাকিল উদ্দিন।
নিহতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর হিন্দুপাড়ার গোপাল চন্দ্র সরকারের স্ত্রী শংকর রানী (৫০), গোপাল চন্দ্র সরকারের মেয়ে বিজলী রানী (৩৫), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল গ্রামের মানিক সরকারের ছেলে আকাশ কুমার (১০) ও পাবনা সদর থানার চর মুর্শিদপুর গ্রামের কোরবান আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)।
ওসি শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ‘নাইট স্টার’ যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। চিনাখরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে চারজন নিহত ও ১০ জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক চালক পালিয়ে গেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
