শ্রীপুরে আ.লীগ ও বিএনপি প্রার্থীকে নোটিস
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার আওয়ামী লীগ প্রার্থী মো. আনিছুর রহমান ও বিএনপি প্রার্থী শহিদুল্লাহ শহিদকে কারণ দর্শানোর এ নোটিস দেওয়া হয় বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের এক কর্মকর্তা।
এ বিষয়ে আনিছুর রহমান বলেন, “নেতা-কর্মী-সমর্থকরা মোটরসাইকেলে করে আমার সাথে দেখা করতে এসেছিলেন, গণসংযোগ করতে নয়।”
শহীদুল্লাহ বলেন, “শুক্রবার বিকেলে কেওয়া বাজার এলাকায় আমি গণসংযোগ করছিলাম। এসময় আমার কিছু সমর্থক সেখানে চলে আসেন। তবে কোনো মহড়া হয়নি।”
