২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ আহত

ফেনীর সোনাগাজী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর ‘জলদস্যু বাহিনীর নেতাকে’ গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার সকালে চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন।

আটক নুরুল আফসার চরচান্দিয়া ইউনিয়নের বৈন্দেরহাট পূর্ব বড়ধলী এলাকার আব্দুল হক মেম্বারের ছেলে।

তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি সোনাগাজীর উপকূল অঞ্চলের আফসার বাহিনীর প্রধান বলে র‌্যাব কর্মকর্তা জানান।

তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে জানিয়ে মেজর মোজাম্মেল হোসেন বলেন, র‌্যাবের অভিযানের খবর পেয়ে আফসার ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আফসার গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে দুইট বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, একটি করে চাইনিজ কুড়াল, ধামা ও ছোরা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ফেনী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধাকায়ক ডা. সারওয়ার জাহান বলেন, আফসারের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।