গাজীপুরে অগ্রণী ব্যাংক কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি
গাজীপুরে অগ্রণী ব্যাংকের অন্তত পাঁচটি শাখার ব্যবস্থাপকদের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ব্যাংকটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংকের গাজীপুর জোনের উপমহাব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার বুধবার সাংবাদিকদের জানান, গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৮টি শাখা রয়েছে। তার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জসহ বেশ কিছু শাখার ম্যানেজারকে তিন থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মঙ্গলবার হুমকি দেওয়া হয়।
বাংলা লিংকের দুটি নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়।
উপমহাব্যবস্থাপক আব্দুর রহিম জানান, দুটি বিকাশ নম্বর দিয়ে হুমকিদাতা বলেছে, দাবিকৃত চাঁদা না পেলে ম্যানেজারদের স্ত্রী ও সন্তানদের অপহরণ ও হত্যা করা হবে।
ব্যাংকের শ্রীপুরের কাওরাইদ শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দেশের কয়েজন শীর্ষ সন্ত্রাসীর নাম উল্লেখ করে শাখা ম্যানেজার জমির উদ্দিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে হুমকিদাতারা। এ ঘটনায় তিনি মঙ্গলবার বিকালে শ্রীপুর থানায় জিডি করেছেন।”
বোর্ডবাজার শাখার ম্যানেজার আল মামুন বলেন, ঢাকার এক শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তিনি জয়দেবপুর থানায় জিডি করছেন।
তবে শাখাগুলোর সঠিক সংখ্যা জিজ্ঞেস করলেও তিনি তা বলেননি।
উপমহাব্যবস্থাপক জানান, হুমকি দেওয়ার বিষয়টি জানার পর বুধবার বিকালে তিনি কয়েকজন ম্যানেজারকে নিয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন। এই পুলিশ কর্মকর্তা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন বলে উপমহাব্যবস্থাপক জানান।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, ব্যাংক ম্যানেজারদের হুমকির বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হুমকি দেওয়ার ঘটনায় তার থানায় দুটি জিডি করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ব্যাংকের ম্যানেজারদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
