‘যাত্রা প্যান্ডেলে বিস্ফোরণ রিমোটের সাহায্যে’
দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষে আয়োজিত যাত্রার প্যান্ডেলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা করছে পুলিশ।
কাহারোল থানার ওসি আব্দুল মজিদ জানান, শনিবার প্রথম প্রহরে এ বিস্ফোরণের সময় তিনিসহ ২০ জন পুলিশ মেলা প্রাঙ্গণে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিনিসহ ১০ জন টহল দলে এবং অন্যরা সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের ধরতে বা শনাক্ত করতে পারেনি।
ওসি মজিদ বলেন, “বিস্ফোরণের সময় আমি মন্দিরের পুরনো গেইটের কাছে ছিলাম। বিস্ফোরণের শব্দে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
তিনি বলেন, “আলামত হিসাবে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি সিম্ফোনি মোবাইল সেটসহ ডিভাইসের তার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।”
অবশ্য এর আগে সকালে ওসি মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, রাত পৌনে ১টার দিকে মন্দিরের বাইরে ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র প্যান্ডেলে দুর্বৃত্তরা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পর মেলা স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। সেখানে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
আহত নয়জনের মধ্যে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
