রূপগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে সুমন মিয়ার (২৯) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সুমন রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুরের গিয়াসউদ্দিন মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাহাবুবুল আলম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন সুমন। রাতে আর বাড়ি ফেরেননি।
“শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তার উপর সুমনের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয়।
“পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছোরা উদ্ধার করেছে বলেও জানান এসআই মাহাবুবুল।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, সুমন মিয়া তার সৎ মায়ের সঙ্গে গন্ধর্বপুরে বসবাস করে আসছিলেন। হত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
