পটুয়াখালীর দুই পৌরসভায় তিন দলের মেয়র প্রার্থী চূড়ান্ত
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে।
কলাপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাপাড়ায় মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার।
“কুয়াকাটায় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও দলের লতাচাপলী ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক মোল্লা।”
কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়া পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র হুমায়ুন শিকদার এবং কুয়াকাটায় আজিজ মুসুল্লী।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কলাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম খান এবং কুয়াকাটায় মো. আনোয়ার হোসেন হাওলাদার।
