নীলফামারীতে দুই মামলায় ৬ জনের যাবজ্জীবন
নীলফামারীতে ২০০৯ সালে করা দুটি হত্যা মামলায় চাচা-ভাতিজাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ডিমলা উপজেলার সাতজান গ্রামের সতীশচন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলার পীরপুকুর পাড়া গ্রামের মকিম উদ্দিনের বড় ছেলে মোসলেম উদ্দিন ও ছোট ছেলে বাবুল হোসেন বাবলু, মকিমের বড় ভাই আলিম উদ্দিনের বড় ছেলে আব্দুল মজিদ ও ছোট ছেলে দুলাল হোসেন এবং আলিমের নাতি সাইফুল ইসলাম।
এদের মধ্যে আব্দুল মজিদ পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায় জানান, স্ত্রী সন্ধ্যা রানী রায়কে হত্যার দায়ে বিপুল চন্দ্র রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি জামিল আহমেদ প্রামানিক জানান, সৈয়দপুর উপজেলার কৃষক শফিয়ার রহমানকে চোর সন্দেহে হত্যার দায়ে মোসলেম উদ্দিন, বাবুল হোসেন বাবলু, আব্দুল মজিদ, দুলাল হোসেন এবং সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম।
একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
