২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যায় দণ্ডিত শামীম কারাগারে

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় সাত বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম আহমদকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 01:13 PM

Updated : 25 Apr 2022, 02:11 PM

রোববার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করেন বলে জানান আদালতের পিপি মফুর আলী।

মফুর আলী বলেন, আদালতে আত্মসমর্পণের পর শামীমের আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজন হত্যা মামলার রায়ে শামীম আহমদকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়। শামীম এ মামলার প্রধান আসামি কামরুল ইসলামের ছোট ভাই।  ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলায় রায় আদালত। রায়ে কামরুলসহ চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কামরুলের তিন ভাইয়ের হয়েছে সাত বছর করে কারাদণ্ড। বাকি এক জনের যাবজ্জীবন ও দুই জনের এক বছর কারাদণ্ড হয়। ১৩ আসামির মধ্যে তিন জনকে খালাস দেওয়া হয়।    

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন পাভেল পলাতক রয়েছেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

রাজন হত্যার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।