৩৫ দিন পর কবর থেকে ওঠালো স্কুলছাত্রীর লাশ
হত্যা না আত্মহত্যা তা যাচাইয়ে পুনরায় তদন্তের জন্য দাফনের ৩৫ দিন পর আদালতের নির্দেশে নূর-ই-জান্নাত মীমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
শনিবার দুপুরে পটুয়াখালী নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) সালাহউদ্দিন মঞ্জুর উপস্থিতিতে সদর থানা পুলিশ শহরের কলাতলা এলাকার পারিবারিক কবরস্থান থেকে মীমের লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
গত ১৬ অক্টোবর শহরের আব্দুল হাই বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্রী মীমের গলায় ফাঁস দেওয়া লাশ তার ঘর থেকে পুলিশ উদ্ধার করে। আনুষ্ঠানিকতা শেষে পরদিন দাফন হয়।
মীমের মৃত্যু হত্যা না আত্মহত্যা এ নিয়ে সদর থানা ও পটুয়াখালী আদালতে তিনটি মামলা হয়েছে।
গত ১৭ অক্টোবর সদর থানায় একটি অপমৃত্যু মামলা করে পুলিশ।
নিহত স্কুলছাত্রীর নানা হারুন খন্দকার তার নাতনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ এনে পটুয়াখালী আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।
সম্প্রতি নিহত মীমের নানা হারুন খন্দকার লাশটি পুনঃময়না তদন্তের জন্য পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি মামলা করেন। আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মীমের লাশ উত্তোলন করে পুনরায় তদন্তের জন্য পটুয়াখালী সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
অন্যদিকে নিহত মীমের নানা হারুন খন্দকারসহ কয়েক জনকে আসামি করে আদালতে একটি মামলা করেছেন মীমের বাবা জাফর খন্দকার।
তার দাবি নেশায় আসক্ত এক যুবকের সঙ্গে মীমকে জোর করে আসামিরা বিয়ে দেওয়ার চেষ্টা করায় মীম আত্মহত্যা করেছে।
মীম ‘হত্যার’ বিচার চেয়ে সম্প্রতি তার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দেয়।
