২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে জব ফেয়ার শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ‘জব ফেয়ার-২০১৫’ শীর্ষক এ মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) সভাপতি সালেক আহমেদ সজীব।

আরইউসিসির আয়োজনে এ মেলা রোববার পর্যন্ত চলবে বলে জানান সজীব।

বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সজীব জানান, মেলায় দেশের খ্যাতিমান ২০টির মতো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এর মধ্যে কিছু প্রতিষ্ঠান অংশগ্রহণকারীদের কাছ থেকে সরাসরি জীবন বৃত্তান্ত সংগ্রহ করে ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে অনস্পট চাকরির অফার করতে পারবে। বাকিরা পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে পারবে বলে জানান তিনি।

মেলা চলাকালে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক নয়টি সেমিনার অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন,এতে বিভিন্ন চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য, প্রস্তুতির উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

মেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলেও জানান সজীব।