খুলনা-বাগেরহাটে নাশকতায় ‘সাতক্ষীরার জামায়াত-শিবির’
জামায়াতের এক নেতার বাড়ি থেকে নথিপত্র উদ্ধারের পর সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানিয়েছেন, খুলনা ও বাগেরহাট জেলায় সংঘটিত নাশকতায় সাতক্ষীরার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত।
সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধারের পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন এসপি।
উদ্ধার করা নথিপত্রর মধ্যে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য সংক্রান্ত বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমানকে লেখা চিঠিও রয়েছে বলে জানান তিনি।
উদ্ধারকৃত একটি নোট বইতে এ বছরের পরিকল্পনা, খুলনা বিভাগের বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতাদের নামের তালিকা লেখা রয়েছে। অপর একটি নোট বইয়ে সংগঠনটির পৃষ্ঠপোষকদের তালিকা রয়েছে সাংবাদিকদের বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, “গোপন নথিতে জামায়াতের আর্থিক খাত সংক্রান্ত বিষয়াদি বিস্তারিত লিপিবদ্ধ রয়েছে। এমনকি জেলা জামায়াতের তহবিলে কোটি টাকারও অধিক টাকা আর্থিক অনুদান হিসেবে জমা হওয়ারও বিষয়াদি লিপিবদ্ধ রয়েছে।”
অভিযানে ১৩টি ডায়েরি, অর্ধ ডজন পকেট নোট বই, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, খুলনা অঞ্চলের সাংগঠনিক রিপোর্ট ও আয় ব্যয়ের হিসাব, অর্ধ শতাধিক গোপন নথিসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
এদিকে, বিকালে সাতক্ষীরা সদর থানার এএসআই মামুন হোসেন বাদী হয়ে মুহাদ্দিস আব্দুল খালেকসহ ১৫/২০ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন।
