রূপগঞ্জে আ.লীগ কর্মীকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী মহিলা লীগের এক কর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে স্বামী হত্যা করে পালিয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল টেংরারটেক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
নিহত হালিমা বেগম ওরফে জরিনা (৩৫) ওই এলাকার রশিদ পাটুয়ারীর মেয়ে।
তিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং স্থানীয় ভুলতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
এ ঘটনার পর থেকে হালিমার স্বামী নূর মোহাম্মদ পলাতক রয়েছেন বলে জানান এসআই।
হালিমার বাবা রশিদ পাটুয়ারী সাংবাদিকদের জানান, চাঁদপুরের আনোয়ার হোসেন নামে এক প্রবাসীর সঙ্গে হালিমার বিয়ে হয়। ছয় মাস আগে আনোয়ারের সঙ্গে হালিমার বিচ্ছেদ হয়। এর তিন মাস পর উপজেলার হাটাবো টেকপাড়া জমির দালাল নূর মোহাম্মদকে বিয়ে করে।
তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে তিন বন্ধুকে নিয়ে বাড়িতে আসে নূর মোহাম্মাদ। এ সময় হালিমার সঙ্গে নূর মোহাম্মদ ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়।
“স্বামী-স্ত্রীর ঝগড়াকে অতটা গুরুত্ব না দিয়ে আমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির পাশে মেয়ের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখি।”
এসআই মিজানুর বলেন, হালিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সম্পত্তির লোভে স্বামী নূর মোহাম্মদ বন্ধুদের সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
