চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর হাত-চোখ বাঁধা লাশ
চুয়াডাঙ্গায় তিন দিন আগে নিখোঁজ এক ব্যক্তির হাত-চোখ বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যিনি দুটি মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার ভুলটিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান।
নিহত রবিউল ইসলাম রবি (৪৫) ঝিনাইদহের কালিগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সার ও কীটনাশকের ব্যবসা করতেন।
ওসি বলেন, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন রবি। সকালে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
“খাকি প্যান্ট ও চেক শার্ট পরিহিত রবির হাত-চোখ বাঁধা ছিল। তাকে মাথায় গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ভুলটিয়ায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই কাজী বায়েজিদ জানান, রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে দুটি মামলা রয়েছে। ১৫ দিন আগে একটি মামলায় জামিনে ছাড়া পান তিনি।
মঙ্গলবার ঝিনাইদহ আদালতে অন্য আরেকটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে তিনি নিখোঁজ হন
আগে বিএনপির রাজনীতিতে থাকলেও রবিউল সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন বলে এসআই বায়েজিদের তথ্য।
