ঝিনাইদহে ৭ জামায়াতকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহে ‘নাশকার চক্রান্ত ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, “নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।”
এদের মধ্যে মো. ফরিদ হোসেন (২২), মো. আলামিন (২৩), মো. সাইফুর রহমান (২৪), মুনতাসির মামুন (২৩), জহুরুল ইসলাম (২৩) ও মুরাদুল ইসলামকে (২৪) শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে এবং মো. মাসুম আলীকে (৩৫) কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা গ্রাম থেকে ধরা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা সবাই জামায়াত ও শিবিরের সাধারণ কর্মী। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন বই, পোস্টার ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
এরপর দুপুরের আগে শৈলকূপা থানার এসআই জাকির হোসেন সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
থানার ওসি হাশেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ‘নাশকার চক্রান্ত ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।
তবে ঠিক কী ঘটানোর চক্রান্ত বা ষড়যন্ত্র তারা করছিলেন, সে বিষয়ে কোনো তথ্য ওসি জানাননি।
