গাইবান্ধায় জমির বিরোধে হামলায় নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১১ জন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১১ জন।
বুধবার পূর্ব বাছহাটী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন।
নিহত আব্দুর রশিদ (৫০) ওই এলাকার গ্রামের মৃত কেফায়েত উল্ল্যার ছেলে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তিন নারীসহ আটজনকে জনকে আটক করেছে বলে জানান ওসি।
আটকদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান (৬৫), এনামুল হক (২৬), আলম মিয়া (২৭), রেজাউল করিম (৪২) ও নুরুজ্জামান (৬৫)। তিন নারীর নাম জানা যায়নি।
ওসি বলেন, উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের ধলু মিয়ার সঙ্গে পূর্ব বাছহাটী গ্রামের আব্দুর রহমানের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বুধবার ওই মামলায় শুনানির নির্ধারিত দিন ছিল।
“শুনানিতে ধলু মিয়ার পক্ষে সাক্ষ্য দিতে আব্দুর রশিদ মোটরসাইকেলে করে গাইবান্ধা যাওয়ার পথে বাছহাটী গ্রামে আব্দুর রহমান ও তার লোকজন তাকে আটক করে প্রচণ্ড মারধর করে।”
তিনি বলেন, খবর পেয়ে ধলু মিয়ার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়।
আহত অবস্থায় ধলু মিয়া ও আব্দুর রশিদকে উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রশিদ।
