২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানওয়েতে পিকআপ বিকল, নামতে পারেনি বিমান

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান বিকল হওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের বিমান ওঠা-নামা শুরু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 08:30 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

পিকআপ বিকল হয়ে পড়ায় মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নামতে না পেরে ইউএস বাংলার একটি বিমান ঢাকায় ফিরে যায় বলে কর্তৃপক্ষ জানায়।

সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বাংলা বিমানের ব্যবস্থাপক রাকিব মোস্তাকিম জানান, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দিয়ে বেলা সোয়া ১১টার দিকে ইউএস বাংলার বিমানটি সৈয়দপুর বিমানবন্দর আসে।

“এ সময় রানওয়ে তল্লাশিতে থাকা বিমানবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি পিকআপ ভ্যান রানওয়ের উপর বিকল হয়ে পড়ে।ফলে বিমানবন্দর থেকে অবতরণের ক্লিয়ারেন্স না পাওয়ায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে নিয়ে যান।”

এ ঘটনায় যাত্রা বিলম্বিত হওয়ায় সৈয়দপুর থেকে ঢাকাগামী ৭০ জন যাত্রী দুর্ভোগে পড়েন বলে জানান তিনি।

“পরে রানওয়ে থেকে পিকআপটি সরিয়ে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে বিমান চলাচল শুরু হয়।”

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে রানওয়ে থেকে বিকল পিকআপটি সরিয়ে নিয়ে রানওয়ে চালু করা হয়।