২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার আসামি জামায়াত নেতা বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 01:20 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার ভোরে উপজেলার চণ্ডীপুর গ্রামে বাড়ি থেকে বেলালকে গ্রেপ্তার করা হয় বলে পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান ।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে পীরগাছায় জামায়াত-শিবির নেতাকর্মীরা কনস্টেবল মোজাহার আলীর ওপর হামলা চালায়। আহত মোজাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৫ মার্চ মারা যান।

এ ঘটনায় পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে উপজেলা জামায়াতের আমীর মোত্তালেব হোসেন ও সেক্রেটারী বজলুল রশীদ মুকুল, সদস্য বেলাল হোসেনসহ ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার জামায়াত-শিবিরকর্মীর নামে মামলা করেন।

তখন থেকেই পলাতক ছিলেন তিনি। বেলাল বাড়িতে ফিরেছেন খবর পেয়ে ভোরে অভিযান চালানো হয় বলে জানান ওসি।

গ্রেপ্তার বেলাল উপজেলা জামায়াতের সদস্য বলে নিশ্চিত করেন দলটির উপজেলা আমীর মোত্তালিব হোসেন।

এ মামলার আরেক আসামি দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ইস্রাফিল আলমকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে গত জানুয়ারিতে জামিনে মুক্ত হন তিনি।