লক্ষ্মীপুরে ভবন ধস, শিশুসহ আহত ২০
লক্ষ্মীপুর সদরে টিনের চালে বসে ফুটবল খেলা দেখার সময় ভবন ধসে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে সদর উপজেলার দাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দাসের হাট পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম।
আহতদের মধ্যে মনির হোসেন (১৫), আনোয়ারা বেগম (৬০), অভি (১২), রিয়া মনি (৬), ইফাদ (২), মনোয়ারা বেগম (৪৫), সাইফুল, সোহাগ, সোহেল, মিতু, নাসির, হারুন, সুজন, শিবলু, আরজুর পরিচয় জানা গেছে।
এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জহিরুল বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় জনতা ডিগ্রি কলেজ মাঠে হাজী আব্দুল মান্নান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলা দেখতে আসে কয়েক হাজার মানুষ।
“দর্শকদের অনেকে কলেজের একটি টিন শেড ভবনের চালে উঠে খেলা দেখছিলেন। এক পর্যায়ে ভবনটি ধসে পড়লে ২০ দর্শক আহত হন।”
আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি নিয়ে যায় বলে জানান তিনি।
