২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 01:24 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি।

লিখিত বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারিভাবে নির্ধারিত দূরত্ব অনুযায়ী জনপ্রতি ভাড়া হচ্ছে ২৯ টাকা ৮০ পয়সা।

“কিন্তু সেখানে পরিবহন মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি আদায় করছে ৩৮ টাকা করে। যাত্রী প্রতি বেশি আদায় করা হচ্ছে ৮ টাকা ২০ পয়সা, যা বছরে যাত্রী প্রতি দাঁড়ায় ৩৯শ’ টাকা।”

তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন পাঁচ শতাধিক গণপরিবহন চলাচল করে। সেই হিসাবে বছরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা হচ্ছে ৫৪ কোটি ৭৫ লাখ টাকা।

“আমরা নতুন করে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবি জানাই।”

এ ব্যাপারে জেলা প্রশাসককে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

অবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি দেন ফোরামের এই নেতা।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের মহানগর সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়াকার্স পাটির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।