২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

মৃত হাবুল মিয়া (২৮) উপজেলার দুয়জ ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়ার ছোট ভাই। উপজেলার শ্রী রামপাশা গ্রামে তার বাড়ি।

নিহতের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কায়সার ইমরান বাবুল সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জেরে গ্রামে প্রতিপক্ষের লোকজন শ্বাসরোধ করে তার ভাইকে হত্যা করেছে।

নেত্রকোণার অতিরিক্তি পুলিশ সুপার আবু নাসের খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রী রামপাশার গ্রামে বাড়ির সামনে থেকে হাবুলকে পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

“দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আবুল কাশেম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার নাসের।

লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবুলের মৃত্যু রহস্যজনক। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।