সেইফ হোমে সেই অন্তঃসত্ত্বা কিশোরী
চাঁদপুরে তিন দিন ধরে থানা হেফাজতে থাকা সেই অন্তঃসত্ত্বা কিশোরীকে (১৩) ভিকটিম সাপোর্ট সেন্টারে (সেইফ হোমে) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার জেলা যুগ্ম দায়রা জজ মামুনুর রশিদের আদালত এ আদেশ দেয় বলে হাজীগঞ্জ থানার এসআই মো. শাহজাহান ভূঁইয়া জানান।
দুপুরে ওই কিশোরীকে দায়রা জজ আদালতে হাজির করা হয়, যাকে বৃহস্পতিবার গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।
এসআই বলেন, বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে হাজিগঞ্জ উপজেলার বাসিন্দা মেয়েটি তার পরিবারের কাছে ফিরে রাজি হয়নি। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাছলিমা শারমিন তাকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন।
“আদালতের নির্দেশে মেয়েটিকে পুলিশ হেফাজতে রেখেছি। রোববার আদালত তাকে সেইফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশে তিনটি সেইফ হোম রয়েছে। নিকটবর্তী সেইফ হোমে তাকে পাঠানোর ব্যবস্থা করব।”
গত ১০ মার্চ দুঃসম্পর্কের আত্মীয় আল আমিন তাদের মেয়েকে অপহরণ করে বলে অভিযোগ মেয়েটির পরিবারের।
এ অভিযোগে গত ১ এপ্রিল আল আমিন, তার বাবা মো. সফিক, মা লুৎফা বেগম ও বোন রুনা আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন মেয়ের মা ।
এসআই আরও জানান, এ নিয়ে বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে দুপক্ষের সালিশ চলাকালে আল আমিনের বাবা সফিককে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে গাজীপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে এ সময় আল আমিন পালিয়ে যায়।
“তবে আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েটি আল আমিনের সঙ্গে স্বেচ্ছায় চলে গিয়েছিল এবং তারা বিয়ে করেছে বলে জানায়। একইসঙ্গে পরিবারের কাছে ফিরতে অস্বীকৃতি জানায়।”
