টঙ্গীতে ‘সহকর্মীর’ ছুরিকাঘাতে শ্রমিক খুন
গাজীপুরের টঙ্গীতে কারখানার ভেতরে এক পোশাক শ্রমিক সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে হোসেন মার্কেট এলাকায় প্যাসিফিক গ্রুপের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান।
নিহত মো. হাবিবুর রহমান ওরফে হান্নান (২৫) ওই কারখানার সুইং অপারেটর ছিলেন। তিনি টঙ্গীর বাস্তহারা (এরশাদ নগর) এলাকার ৩ নম্বর ব্লকে থাকতেন।
এ ঘটনায় নিহতের সহকর্মী নাসির হোসেন শাহাদাতকে (২২) ধরে পুলিশে দিয়েছেন অন্য শ্রমিকরা।
শ্রমিকদের বরাত দিয়ে এসআই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়েটার বানানোকে কেন্দ্র করে আগের দিন (বুধবার) বিকালে হাবিবুর ও শাহাদতের মধ্যে দ্বন্দ্ব হয়।
“এর জেরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানার চতুর্থ তলায় তাদের আবার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুরকে ছুরি মারে শাহাদত।”
শ্রমিকদের কয়েকজন আহত হাবিবুরকে টঙ্গী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সুমন।
“নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
এসআই সুমন আরও জানান, অন্য সহকর্মীরা শাহাদতকে ছুরিসহ আটকে রেখে পুলিশে খবর দেন। ছুরিটি জব্দ করা হয়েছে।
এই ঘটনার পরপরই কারখানায় বৃহস্পতিবার একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
