২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব হত্যার অভিযোগপত্র মঙ্গলবার

খুলনা নগরীর শিশু রাকিব হাওলাদার (১২) হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে মঙ্গলবার।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ সোমবার টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগত্র দাখিল করা হবে।

তিনি জানান, এর আগে বেলা ১১টায় খুলনা মহানগর পুলিশ সদর দপ্তরে অভিযোগপত্র দাখিল সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন পুলিশ কমিশনার খুলনা বাস চন্দ্র মাঝি।

উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, মামলার প্রধান তিন আসামি এবং চার সাক্ষী ইতোমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।তাই মামলার তদন্ত কাজ শেষ হয়ে গেছে। ফলে অভিযোগপত্র দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

এ মামলায় ৪০ জন সাক্ষী রয়েছেন বলে জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু রাকিব হত্যা মামলাটি স্পর্শকাতর মামলা হিসেবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য গঠন করা হয় তিন সদস্যের মনিটরিং কমিটি।

“আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ অভিযোগপত্রের সব কাজ শেষ হওয়ায় মঙ্গলবার তা দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

গত ৩ অগাস্ট বিকালে টুটপাড়া কবরখানা এলাকায় শরীফ মটর্সে মোটরাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিব হাওলাদারের মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মটর্সের মালিক শরীফ ও মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিন আসামি।

এছাড়া জবানবন্দি দেন চার সাক্ষ নাদিম হাসান শাহীন, রবিউল ইসলাম, সুমন ও সেলিম হাওলাদার।