২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা জামায়াত আমির যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা কারাগারে আটক জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হলে আদালত সম্মতি দেয়। এর পরপরই বিকালে তাকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়ে সাতক্ষীরা কারাগার কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়।

খালেক মণ্ডল আগেই নাশকতার এক মামলায় গ্রেপ্তার ছিলেন। এবার তাকে মানবতাবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান আবদুর রাজ্জাক।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার আবু তালেব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে একটি ফ্যাক্স বার্তায় এ নির্দেশ আসে। এরপরই তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।    

এর আগে গত ১৬ জুন মঙ্গলবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা করে পুলিশ।

আবদুল খালেক জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য। ১৯৭১ সালে জেলার শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলিসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজি। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।