সুরমা নদীর পানি বিপদসীমার উপরে
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশৈলী আফসার উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আফসার উদ্দিন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।
সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের তেঘরিয়া, নতুনপাড়া ও নবীনগরের রাস্তা ডুবে গিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
