নেত্রকোণায় ৩০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
ময়মনসিংহের গৌরীপুরে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়।
ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করায় ৩০ ঘণ্টা পর নেত্রকোণা জেলা শহরে তিতাস গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে তিতাসের লাইনের গ্যাস ব্যবহার করা সাড়ে পাঁচ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের মাঝে স্বস্তি ফিরেছে।
শনিবার রাত ১২টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লাইন ফেটে গেলে শহরে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তিতে পড়েন মানুষ। খাবারের খোঁজে ভিড় বাড়ে হোটেল, রেঁস্তোরায়। কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় হোটেল মালিকেরাও খাবার সরবরাহে হিমশিম খান।
প্রকৌশলী সুমঙ্গল গোলদার জানান, ময়মনসিংহের গৌরীপুরে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
লাইনটির ফাটলের স্থানটিকে রাতে প্রাথমিকভাবে মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে শনিবার ঢাকা থেকে যন্ত্রপাতি এনে তা পরিপূর্ণভাবে মেরামত করা হয়।
এরপরই নেত্রকোণা জেলা শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান তিতাসের এই প্রকৌশলী।
