২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭ গরু নিয়ে ট্রলার ডুবি: মরে ভেসে উঠেছে তিনটি, ১৯টি জীবিত উদ্ধার

নদীর তলদেশে ট্রলারটি শনাক্ত করা হলেও তীরে আনা সম্ভব হয়নি।

৪৭ গরু নিয়ে ট্রলার ডুবি: মরে ভেসে উঠেছে তিনটি, ১৯টি জীবিত উদ্ধার

পদ্মার তীরে গরু হারানো এক ব্যবসায়ী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 11:07 PM

Updated : 24 Jun 2023, 11:07 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে ট্রলার ডুবির পর তিনটি মরে ভেসে উঠেছে। এ ছাড়া ১৯টি গরুকে জীবিত অব্স্থায় উদ্ধার করা হয়েছে; আর বাকি ২৫টি গরুর কোনো খোঁজ মেলেনি।  

শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও সেটি তীরে নিয়ে আসা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কাজে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ১৩ জন কর্মী ও ডুবুরি অংশ নেন। বিকালে তিনটি গরু মরে ভেসে উঠেছে।

পুরনো খবর:

মানিকগঞ্জে ৪৭ গরুসহ ট্রলার ডুবে গেছে পদ্মায়, উদ্ধার ১৯টি

“স্থানীয় জেলেদের সহায়তায় নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে জাল ফেলে ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকটি ট্রলার ও সাম্পানের মাধ্যমে ডুবন্ত ট্রলারটিকে রশি দিয়ে বেঁধে নদীর তীরে নেওয়ার চেষ্টা করা হয়।

ওসি আরও বলেন, তবে কাঠের ট্রলার হওয়ায় কাঠ ভেঙ্গে রশি চলে আসে। ফলে ট্রলার তীরে আনা সম্ভব হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, দুপুর পর্যন্ত ১৯টি গরু জীবিত উদ্ধার হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত খামারি ও ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

উদ্ধার কাজে মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ইমতিয়াজ মাহমুদ, সিংগাইর-হরিরামপুর সার্কেল এএসপি আব্দুল্লাহ আল ইমরান উপস্থিত ছিলেন।