গাজীপুরে কলেজছাত্র খুন: ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামে মামলা
মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতিকে প্রধান আসামিসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইনকে হত্যায় সংগঠনটির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার সকালে নিহতের বাবা উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান।
মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
আসামিরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে আল আমিন ও কামরুল ইসলাম নামের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আল আমিনের মৃত্যু হয়। উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তার সহযোগীরা এ ঘটনায় জড়িত।
আরও পড়ুন:
নিহত মো. আল আমিন হোসাইন (১৯) ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের কলেজ শাখা কমিটির সভাপতি ছিলেন।
কালিয়াকৈর থানার ওসি নাসিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা ঘটনার পরপরই আত্মগোপন করেছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, “ঘটনার সময় কেউ একজন ভিডিও ধারণ করেন; আমরা সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিওতে হত্যাকাণ্ডের ঘটনার দৃশ্য পাওয়া গেছে। ভিডিও দেখে হত্যাকারীদের প্রায় সবাইকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কারণ হিসেবে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হল।
