২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাটের উপর পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী ঝুলছিল আড়ায়

ময়মনসিংহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

খাটের উপর পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী ঝুলছিল আড়ায়

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 03:25 PM

Updated : 15 Dec 2023, 05:20 PM

ময়মনসিংহ সদর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্ত্রীর মরদেহ পড়েছিল খাটের উপর আর ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল স্বামীর মরদেহ। 

মঙ্গলবার সকালে সদর উপজেলার চুড়খাই কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। 

নিহতরা হলেন- ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৬) ও তার স্ত্রী মোছা. অঞ্জনা (২৪)। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে। 

ওসি শাহ কামাল বলেন, “প্রায় ৯ মাস আগে জুলহাস ও অঞ্জনার বিয়ে হয়। এটি দুজনের দ্বিতীয় বিয়ে। অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। 

“সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়। পরে বেলা ১১টার দিকে ঘরের চালের টিন সরিয়ে দরজা খুলে দুজনের মরদেহ দেখে থানায় খবর দেন স্বজনরা।” 

খবর পেয়ে খাটের উপর থেকে স্ত্রীর এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওসি। 

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

ওসি আরও বলেন, কী কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে জানানো হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।