Published : 19 Apr 2026, 07:22 PM
যশোরের বেনাপোলে হাসপাতাল নির্মাণের দাবিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
এতে যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। পরে পুলিশ প্রশাসন তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল হাইস্কুলের সামনে এ কর্মসূচি হয়।
বিক্ষোভকারীরা বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়, বন্দরের হ্যান্ডেলিং শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কর্মক্ষেত্র এই বেনাপোল। এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
এর পরই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।