২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

একদিন আগে স্ত্রীর অসুস্থতার কথা বলে রুবেলকে তার এক শ্যালক ডেকে নিয়ে যান বলে জানায় পরিবার।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 07:34 PM

Updated : 09 Oct 2023, 07:34 PM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজন তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের।

সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাই মোড়ের অদূরে রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল বলে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান।

নিহত ২১ বছর বয়সি রুবেল হোসেন হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় ঘোড়ার গাড়ি চালক ছিলেন।

নিহতের মা পপি খাতুন সাংবাদিকদের বলেন, “রোববার সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রীর এক ভাই মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা বলে তাকে ডেকে নিয়ে যান। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখি।”

দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজন পূর্বপরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেছে বলে অভিযোগ করেন পপি খাতুন।

ওসি আকিবুল বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।