২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াবাসহ আটক

এ সময় তার ঘর থেকে ১২ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াবাসহ আটক
আটক সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 11:46 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার ঘর থেকে ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটক মুজিবুর রহমান সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

কোস্ট গার্ড জানায়, গোপন খবর পেয়ে মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি বস্তায় লুকানো অবস্থায় ১২ হাজার ২৭৪টি ইয়াবা পাওয়া যায়।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, আটক মুজিবুর রহমানকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ইয়াবাসহ চেয়ারম্যানকে আটকের বিষয়টি শুনেছেন তিনি। তবে এখনো তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।