২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নদী পরিচ্ছন্নতায় যুবদল

‘রাজনৈতিক পরিচয় ফোটাতে’ সামাজিক কাজ করে যেতে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে বলে জানান জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 11:51 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

‘নদী বাঁচলে দেশ বাঁচবে’, ‘প্রজন্মকে রক্ষা করতে নদীর অস্তিত্বকে রক্ষা করতে হবে’, ‘আসুন নদী রক্ষা করি’, স্লোগানে নদী পরিচ্ছন্নতায় নামে পটুয়াখালী জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে লোহালিয়া নদী তীরে পৌর শহরের চকবাজার-পুরান বাজার পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

যুবদল নেতাকর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে নদীর তীরের আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। 

এছাড়া অভিযানের অংশ হিসেবে যুবদল নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সচেতনতামূলক কথাবার্তা বলেন।

মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা একটি সামাজিক আন্দোলন পরিচালনা করছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ‘আপনারা রাজনীতি করবেন, সঙ্গে অবশ্যই সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন।’ সেই দায়বদ্ধতা নিয়ে এর আগে আমরা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। এরপর আমরা দেখতে পেলাম, নদীতে ময়লা-আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে নদীকে দূষিত করা হচ্ছে।” 

তিনি আরও বলেন, “পটুয়াখালী নদীমাতৃক এলাকা। এই নদীতে অবাদে ময়লা-আবর্জনা ফেলা হয়। সেই আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা আজকে এখানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি।” 

‘রাজনৈতিক পরিচয় ফোটাতে’ সামাজিক কাজ করে যেতে তারেক রহমানের পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় সভাপতি মো. মোনায়েম মুন্না ও সাধারণ  সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের নির্দেশনা রয়েছে বলেও জানান জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।