১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুলিশের সাবেক সদস্যের বাড়িতে ‘লুটপাট’, আটক ৫ জনকে ছিনিয়ে নিল সহযোগীরা

নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সাবেক সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগে আটক পাঁচ ব্যক্তিতে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) মো. হাসিনুজ্জামান।

তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাসিনুজ্জামান বলেন, “অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। 

“পরে তাদের বন্ধু-বান্ধব ও সহযোগীরা জড়ো হয়ে পুলিশের কাছে থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।”

তবে এ ঘটনায় পুলিশের কোনও সদস্য আহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন র‌্যাব-১১ এর তিনজন সদস্য। তার কয়েক ঘণ্টা আগে ভোরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার যুবদল নেতা শামীম মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান তার সহযোগীরা।