৭৪৪ গ্রাম হেরোইনের মামলায় যাবজ্জীবন
একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ৭৪৪ গ্রাম হেরোইন জব্দের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান।
দণ্ডপ্রাপ্ত মো. জামাল (৩৯) সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের চর রানীনগর গ্রামের বাসিন্দা।
আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০২৩ সালের ১৯ জানুয়ারি ওই গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ গ্রাম হেরোইনসহ জামালকে আটক করে র্যাব। একই দিন সদর থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
