মাদারীপুরে বসতঘরে মিলল ৫ হাতবোমা, করা হল নিষ্ক্রিয়
পুলিশ জানায়, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
মাদারীপুরের সদর উপজেলায় বসতঘর থেকে বালুভর্তি একটি বালতি থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। পরে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার কেরামত আলী মীরের ঘর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ওই গ্রামের ইকবাল দর্জির সঙ্গে এনামুল দর্জির আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার দুপুরে এনামুল দর্জির লোকজন বালতিতে করে হাতবোমা নিয়ে ইকবাল দর্জির বাড়ির দিকে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল।
“এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে এনামুল দর্জি ও তার লোকজন পাশেই কেরামত আলী মীরের ঘরে বালুভর্তি একটি লাল রঙের বালতির ভেতরে পাঁচটি তাজা হাতবোমা রেখে পালিয়ে যান।”
ওসি বলেন, পরে খবর পেয়ে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে রাত ৯টার দিকে কেরামত আলী মীরের বাড়িতেই বোমাগুলো নিস্ক্রিয় করে।
এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
