২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 02:02 PM

Updated : 22 Dec 2022, 02:02 PM

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকার নিশিকান্দা সেতুর ঢালের আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার এএসআই আশিস চন্দ্র দেব।

নিহত মো. তাকবীর হোসেন (৩০) উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি টেলিযোগাযোগ কোম্পানির ডিস্ট্রিবিউটরের অধীনে চাকুরী করতেন।

এএসআই আশিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পেশাগত কারণে তাকবীর মোটরসাইকেল চালিয়ে ওই এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্টের একটি কভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবীরের মৃত্যু হয়।

এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসআই আশিস।