২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই তাকে দাফন করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 11:47 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক আর নেই। 

শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিশ্বাস ত্যাগ করেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই তাকে দাফন করা হয়েছে। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সকালে পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরটি জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু তাকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ার দাবিতে দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন করা হয়। 

ফজলুর রহমান খানের ভাগনে গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক জানান, জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুর খবরটি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রমের মাধ্যমে প্রশাসনকে জানানো হয়। কিন্তু তারা রাষ্ট্রীয় সন্মাননা জানানোর ব্যবস্থা নেননি। 

৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফজলুর রহমান খান আত্মগোপনে চলে যান। পরে টাঙ্গাইল থানায় দায়ের করা দুটি মামলায় তাকে আসামি করা হয়েছিল। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মাঝে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

কয়েকদিন আগে তাকে টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার নিজ বাসায় আনা হয়। সকালে তিনি মারা যান।  

বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে ফজলুর রহমান খান ফারুককে দাফন করা হয়। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ককারী এস এম কামরুল ইসলাম বলেন, “ফজলুর রহমান খান ফারুক ছাত্র-জনতার আন্দোলনে হামলার জন্য নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছিল। তাই ফজলুর রহমান খানকে রাষ্ট্রীয় সম্মাননা না জানানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছিল।”

এ বিষয়ে জানতে টাঙ্গাইলের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার কলা করা হয়। তারা কেউ ফোন ধরেননি।

ফারুকের জানাজায় যোগ দিয়ে লতিফ সিদ্দিকী বলেন, “টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুকের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। যে কাজ করে ভুল তারই হয়- যে কাজ করে না তার ভুল হয় না। ফারুক ভুল করেছে কি-না তা একমাত্র আল্লাহই জানেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ফজলুর রহমান ফারুককে আপনারা ক্ষমা করে দেবেন।” 

ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে জেলার বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানাতে জড়ো হলেও তার ছেলে সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ছিলেন তিনি ও তার ছেলে খান আহমেদ শুভ।

ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। ফজলুর রহমান খান ফারুক সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

১৯৭০ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে বাকশাল গঠিত হলে টাঙ্গাইল জেলা বাকশাল এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

১৯৮৪ সাল থেকে ২০১৫ সালের ১৭ আক্টাবর পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।