২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাড়ির আঙিনায় নারীর গলাকাটা মরদেহ

ওসি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 12:43 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাড়ির আঙ্গিনা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামের বাড়ির অঙ্গিনা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে আশাশুনি থানার ওসি মো. নজরুল ইসলাম জানান। 

নিহত মোছা. কমলা খাতুন (৫৫) গ্রামের মো. মোবারক আলী গাজীর স্ত্রী। 

এই দম্পতির দুই ছেলে মো. ওলিউর রহমান (২৪) এবং মো. ফয়জুল্লাহ (২১) মাছের ঘের ও ইটভাটায় কাজ করেন। 

মোবারক আলী গাজী বলেন, ফজরের আজান দিলে তিনি তার স্ত্রী কমলা খাতুনকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে বাড়ির পাশে মাছের ঘেরে চলে যান। সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রী ঘরে নেই। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশে গলাকাটা অবস্থায় তাকে দেখতে পান। 

ওসি নজরুল ইসলাম বলেন, “গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।”

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠনো হবে।