স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে নিখোঁজের জিডি, গ্রেপ্তার স্বামী
প্রতিবেশী ও স্বজনদের স্বামী বলেন, তার স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে গেছেন।
নরসিংদীর মাধবদীতে স্ত্রীর লাশ কবরস্থানে মাটিচাপা দিয়ে তাকে নিখোঁজ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন এক ব্যক্তি।
তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার নোয়াকান্দি গ্রাম থেকে শরীফ মিয়া (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।
শরীফ মাধবদীর ভগীরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত হোসনে আরা বেগম (৩৯) একই থানার কাঠালিয়া ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের মো. রহমানের মেয়ে। তাদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি খাবারের হোটেলে কাজ করেন।
ওসি বলেন, সোমবার রাতে বাড়ির টিউবওয়েলের পাশে কাজ করার সময় শরীফ ও হোসনে আরার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফের থাপ্পড়ে হোসনে আরা টিউবওয়েলের ওপর পড়ে মাথায় আঘাত পান। পরে শরীফ তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেন।
পুলিশের ভাষ্য, কিছুক্ষণ পর শরীফ বুঝতে পারেন হোসনে আরা মারা গেছেন। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তিনি লাশ ঘরের মেঝেতে লুকিয়ে রাখেন। পরদিন লাশটি পাশের কবরস্থানে নিয়ে মাটিচাপা দেন।
এরপর প্রতিবেশী ও স্বজনেরা হোসনে আরার খোঁজ করলে শরীফ বলেন, তার স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে গেছেন।
বুধবার দুপুরে শ্বশুরকে সঙ্গে নিয়ে থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে যান শরীফ। তবে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিডি না নিয়ে লিখিত অভিযোগ করতে বলে।
এদিকে, মঙ্গল ও বুধবার শরীফকে ওই কবরস্থানের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। বুধবার রাত ৯টার দিকে তাকে কবরস্থানের সামনে পেয়ে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার কথা শরীফ স্বীকার করেন বলে ওসি জানান।
ওসি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলনের প্রক্রিয়া চলছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
পুলিশ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর বাধ্যবাধকতা থাকায় আপাতত শরীফকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
