২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫

ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ছিল সে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 11:02 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ঢাকা থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় শিহাবের। দুদিন বাদে সোমবার তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে দেখা যায়, শিহাব জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।  

স্বজনরা বলছেন, শিহাব বেঁচে থাকলে আজ হয়ত পরিবারে আনন্দ বয়ে যেত। কিন্তু এখনও তারা সন্তান হারানোর বেদনাই কাটিয়ে উঠতে পারেননি। 

শিহাব উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তার দুই মেয়ে, এক ছেলে। শিহাব ছিল বড়।

ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। 

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় সে। এ সময় আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর অবস্থায় তাকে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে শিহাবকে দাফন করা হয়।

শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, “শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমরা এখনও তার শোকের মধ্যেই আছি। ফলাফলে সে তার মেধার স্বাক্ষর রেখেছে।”

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন শোকাহত।

তিনি জানান, শিহাবের মৃত্যুতে মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।”