২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

“আবদুল মমিন প্রতিদিন ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটতেন।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 12:16 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার জানান।

নিহত আবদুল মমিন (৫৭) শিকারপুর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

শিকারপুর গ্রামের আবদুল হালিম বলেন, “আবদুল মমিন প্রতিদিন ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটতেন। আজ ভোরেও রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি।

“সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনে তার লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”

আওয়ামী লীগ নেতা গোলাম সারওয়ার বলেন, “ব্যায়াম করতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় আবদুল মমিনের মৃত্যু হয়েছে। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোকাহত।”

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, “আমি ঘটনাটি শুনেছি। স্থানীয়রা মরদেহ নিয়ে চলে গেছেন।”