Published : 18 Jan 2026, 01:57 PM
বান্দরবানের আলীকদমে ম্রোদের সৃজিত বাগান থেকে চুরির জের ধরে তাদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভুক্তভোগীদের দাবি- জামিনে বেরিয়ে আসা একাধিক মামলার এক আসামির নেতৃত্বে এ চুরি ও হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ও রাতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলিকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ্।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে জানালী পাড়ার একটি কলা বাগান থেকে ফসল চুরির সময় নয়াপাড়া এলাকার বাসিন্দা জাফর আলমকে (৪৫) আটক করেন গ্রামবাসী।
পরে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে জাফর আলমকে ছিনিয়ে নেয়। এ সময় ৮ জন আহত হয়। তার মধ্যে তিনজন অবস্থা গুরুতর।
আহতরা হলেন- ডাংয়া ম্রো (৫২), অমর ত্রিপুরা (৫০), প্রেকিক্য ম্রো (২৭), অংসং ম্রো (৩০), কটঙং ম্রো (৫০), ঙানওয়াই ম্রো (২৭), লাংছিং ম্রো (৩০) ও মেনরু ম্রো (৪০)। তারা সবাই জানালী পাড়ার বাসিন্দা।
আহত ডাংয়া ম্রো ও অমর ত্রিপুরার অভিযোগ, জাফর আলম এলাকায় ‘বাইট্টা ডাকাত জাফর’ নামে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ম্রোদের কলা, আনারস, হলুদসহ বিভিন্ন বাগানের ফসল ও গৃহপালিত পশু চুরি করার অভিযোগ আছে।
এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।
তবে চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, হামলায় আহতদের পক্ষে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে অনুরোধ করা হয়েছে।
এদিকে আহত প্রেকিক্য ম্রো ও ঙানওয়াই ম্রো অভিযোগ করে বলেন, শনিবার সকালে কলা চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। তবে পুলিশ সন্ধ্যায় তাদের থানায় যেতে বলে।
পরে সন্ধ্যায় থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে নয়াপাড়া কবরস্থান এলাকায় জাফর আলমের নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল ফের গ্রামবাসীদের ওপর হামলা চালায়।
এ সময় টমটমে থাকা ১৮জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
তারা এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসান বলেন, শনিবার রাতের ঘটনায় আহত ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আলিকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ্ বলেন, “একাধিক মামলার আসামী জাফর দুই দিন আগে জামিনে এসেই গতকাল (শনিবার) রাতে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা হবে।”
আসামীদেরকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।