২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘ছেলের হাতে’ প্রাণ গেল মায়ের

নিহত নারীর মাথায় জখমের চিহ্ন দেখা গেছে, বলছে পুলিশ।

নরসিংদীতে ‘ছেলের হাতে’ প্রাণ গেল মায়ের
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 12:20 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

নরসিংদীর শিবপুরে এক নারীকে খুন করার অভিযোগে তার ‘মাদকাসক্ত’ ছেলেকে আটক করেছে পুলিশ।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ৭০ বছর বয়সী শামসুন্নাহার শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় শামসুন্নাহারের ২৮ বছর বয়সী ছেলে জাবের হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলেন, জাবেরের বড় ভাই প্রবাসী। বাড়িতে জাবের আর তার মা থাকতেন। মাদকের টাকার জন্য জাবের প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার রাতের কোনো এক সময় মাদকের টাকা না দেওয়ায় জাবের তার মাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মাকে হত্যার পর সারারাত একই ঘরে অবস্থান করছিল জাবের।

ওসি আফজাল হোসাইন বলেন, “নিহত নারীর একটি হাত ভাঙা ছিল। তাছাড়া তার মাথায় জখমের চিহ্নও দেখা গেছে। মাদকাসক্ত জাবের তার মাকে দরজার হাতলে আটকে হত্যা করেছে।”